মাহবুব আলম।। রাজশাহি।
পবার হুজুরীপাড়া এলাকার শাহীন (২৩) পাঁচ বছর আগে হঠাৎ করে একদিন জ্বরের কারণে পঙ্গুত্ব বরণ করেন। তার দুই পা চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু শাহীন সেই পঙ্গুত্বকে নিজের জীবন সংগ্রামের পথে কোনো বাঁধা হতে দেন নি। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ধরেছেন অভাবের সংসারে হাল। তার জীবনে এ প্রতিবন্ধকতা দূর করেছে একটি মাত্র হুইল চেয়ার। হুইল চেয়ারে ভর করে বর্তমানে শাহীন সেলুনে কাজ করে সচ্ছলতা এনেছেন সংসারে।
হুজরীপাড়া ইউনিয়নের দারুশা দেবেরপাড়া গ্রামের আবদুস সামাদ ও হামিদা খাতুনের সন্তান শাহীন। ২০০৫ সালের একদিন সকালে ঘুম থেকে উঠে শাহীন দেখেন জ্বরের কারণে তার বাম পায়ের কর্মক্ষমতা হারিয়ে গেছে। এরপর তার ডান-পাও কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তিন ভাই, এক বোন ও মা মিলে শাহীনের সংসার। বড় ভাই বিয়ে করে থাকেন আলাদা। বাবা মারা গেছেন অনেক বছর আগে। অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের জন্য খাবার যোগাড় করেন শাহীনের মা। এমন সময় ছেলের পঙ্গুত্ব বরণের ফলে সংসারে নেমে আসে অবর্ণনীয় দুর্দশা।
কর্মক্ষমতা হারিয়ে শাহীন যখন হতাশার মধ্যে দিনযাপন করছিলেন তখন একদিন উন্নয়ন কর্মী মনোয়ারা তার সন্ধান পান। ২০০৭ সালে এসে স্থানিয় সংগঠন আশার প্রদীপের নির্বাহী পরিচালক মনোয়ারা তাকে খোঁজ দেন আমেরিকার ফ্রি হুইল চেয়ার মিশনের। তিনি জানান, হুইল চেয়ারটি গাইবান্ধা জেলার কর্মীর হাত সংস্থার মাধ্যমে জেলা সমাজসেবা অধিদফতরের অফিস হতে সংগ্রহ করা যায়। সেখান থেকে একটি হুইল চেয়ার সংগ্রহ করেন শাহীন। এরপর তিনি হুইল চেয়ার নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন কাজের সন্ধানে। অবশেষে একদিন শাখের পুকুর বাজারে শাহীন ৩০০ টাকায় একটি দোকানঘর ভাড়া করে সেলুনের ব্যবসা শুরু করেন। এজন্য তিনি সমাজসেবা অধিদপ্তর এবং আশার প্রদীপ সংস্থা থেকে ঋণ গ্রহণ করেন। হুইল চেয়ারে বসে শাহীন তার গ্রাহকদের চুল কাটা, দাঁড়ি সেভ করার মতো কাজ করছেন অনায়াসে। বর্তমানে শাহীনের দোকানে আরো তিনজন কর্মচারী কাজ করেন যা তার সংসারে এনে দিয়েছে সচ্ছলতা। পরিবারের ভরণপোষণের পাশাপাশি লেখাপড়া করাচ্ছেন ছোট ভাইবোনদের।
আশার প্রদীপ সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, ‘হুইল চেয়ার পাওয়ার আগে শাহীন বিছানাতেই পড়ে থাকতেন। হুইল চেয়ার পাওয়ার পর কিছু করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার সেলুনের ব্যবসা শুরু। সফলভাবে শাহীন কাজটি চালিয়ে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘সেলুনের কাজের পাশাপাশি শাহীন এখন ঋণ নিয়ে কৃষিকাজও করছেন। একটি হুইল চেয়ার তার জীবনকে বদলে দিয়েছে।’
Designed and Developed By Domain Technologies Ltd.








The reality TV show should be done with his and others like alike. Not showing the lifestyle of the rich. Bravo Shahin you are an great example of our lazy and greedy politicians and their hooligans.
Sorry banglai likhte chechilam kintu virtual keyboard help korini.