পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা প্রকল্প চালু হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউপির বোর্ডবাজার চাওয়াই নগর এলাকায় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া এই প্রকল্পের উদ্বোধন করেন। আদিবাসী নেতা মীর্জা টপ্প এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার ইমাম বিশেষ অতিথি ছিলেন।
জানা গেছে পঞ্চগড়ের সদর এবং বোদা উপজেলায় তিনশরও বেশি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এ সকল আদিবাসীদের উন্নয়নে বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় তাদের বিভিন্ন রকম প্রশিক্ষণসহ তাদের ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে তাদের মধ্য থেকে ১০ জনকে তিন মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণসহ প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে ঋণ হিসেবে একটি সেলাই মেশিন প্রদান করা হবে। এলাকার ২৮টি আদিবাসী পরিবারের ১০৫ জন ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি হিসেবে শ্রেণীভেদে মাসিক ২০০ থেকে ৮০০ টাকা করে নগদ প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে এক বছর বছর মেয়াদী এই প্রকল্পে একজন প্রশিক্ষক, একজন তত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের তদারকির মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা যুব উন্নয়ন পঞ্চগড়। ইতিমধ্যে তিন লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে একটি স্থায়ী অবকাঠামো এবং দেড় লাখ টাকা ব্যায়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। ক্রমান্বয়ে এলাকার সব আদিবাসী জনগোষ্ঠিকে দক্ষ করে গড়ে তুলতে এই প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার ইমাম বলেন, বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা প্রকল্পটি আপাতত একবছর মেয়াদী চলবে। পরবর্তীতে প্রকল্প বৃদ্ধি করা হলে প্রয়োজনে আদিবাসীদের বাইরে এলাকার গরীব ও দুঃস্থ জনগোষ্ঠিকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেয়া যেতে পারে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার