ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার পাথর শ্রমিকরা গতকাল সোমবার সকাল থেকে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত ৬২ কিলোমিটার মহাসড়কের ১০টিরও বেশি পয়েন্টে শ্রমিকরা রাস্তায় বিদ্যুতের খুটি, গাছের গুড়ি ফেলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। মহাসড়ক অবরোধের ফলে উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। কয়েকশ যানবাহনের সহস্রাধিক যাত্রী চরম দূর্ভোগে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) অবরোধ অব্যাহত রয়েছে।
তেঁতুলিয়া উপজেলার প্রায় ৪০ হাজার শ্রমিক মাটি খুড়ে এই পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় এসব শ্রমিক বেকার হয়ে পড়ছে।
পাথর শ্রমিকদের দাবি, সরকার দলীয় নেতা ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে কিছু অসাধু পাথর ব্যবসায়ী পাথর উত্তোলনে একশরও বেশি অবৈধ ড্রিল ড্রেজার মেশিন ব্যবহার করছে। অপরিকল্পিতভাবে এবং ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় একদিকে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে অন্যদিকে দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। পাশাপাশি ভূগর্ভে বিশাল শূন্যতার সৃষ্টি হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে।
শ্রমিকরা জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিতিতে গত ৩০ জুন জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। মন্ত্রী যান্ত্রিকভাবে পাথর উত্তোলন না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এর পরও মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ হয়নি।
ড্রেজার মেশিন বিরোধী পাথর শ্রমিকদের নেতা ও তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মো. মুক্তারুল হক মুকু জানান, সরকার দলীয় প্রভাবশালীরা পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে তেঁতুলিয়া উপজেলার অর্ধশত পয়েন্টে পাথর উত্তোলন করছে। মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়ে পাথর শ্রমিকরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। লিখিত আবেদন নিবেদন করেছে কিন্তু পাথর উত্তোলন বন্ধ হয়নি। বাধ্য হয়ে পাথর শ্রমিকরা মহাসড়ক অবরোধের মত কর্মসূচি দিয়েছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার