কিশোরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে এক মত বিনিময় সভা গতকাল মঙ্গলবার জেলা কালেক্টরেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী।
জেলা প্রশাসক মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুরশিদ আনোয়ার, পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলার ১৩ টি উপজেলার মধ্যে তিনটি উপজেলার ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম ইতোমধ্যে শেষ করা হয়েছে। বাকি অন্য উপজেলার কার্যক্রম দ্রুত গতিতে চলছে। সভায় জেলা নির্বাচন অফিস থেকে হালনাগাদ কার্যক্রমে বর্তমান দুটি টিমের সাথে আরো দুটি টিম যুক্ত করার দাবি জানানো হয়। নির্বাচন কমিশনার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে নির্বাচন কমিশনার নির্মিতব্য সার্ভার স্টেশন পরিদর্শন করেন।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার