-
by সাজ্জাদুর রহমান সাজ্জাদ
-
পঞ্চগড়
-
৩০ জুলাই ২০১২
-
০১:৫৭
-
সুশাসন 
পঞ্চগড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে বাঁধা দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আহসান হাবিব বাদি হয়ে সরকারি কাজে বাঁধা ও হুমকি দেয়ার অভিযোগে পঞ্চগড় থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ৫মে ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার ইন্সটিটিউটে ম্যানেজিং কমিটির এক সভায় প্রতিষ্ঠানের ভেতরে একটি শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ জুলাই অফিস কক্ষের সামনে সকালে নির্মাণ শ্রমিকরা কাজ শুরু করে। এর পর পরই ওই ইন্সটিটিউটের স্কুল শাখা ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস আলীর নেতৃত্বে কয়েকজন শিক্ষক-কর্মচারী গিয়ে শ্রমিকদের ধাক্কাধাক্কি ও হুমকিধমকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরে অপ্রীতিকর অবস্থা সৃষ্টির আশঙ্কায় কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখেন।
ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ আহসান হাবিব অভিযোগ করে বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস আলী রাজমিস্ত্রি সমিতির নেতৃবৃন্দকে ফোন করে কাজ বন্ধের নির্দেশ দেয়। এ অবস্থায় শহীদ মিনারের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। হুমকিধমকি ও কাজে বাঁধা দেয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৯৯০ সালে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হবার পর স্কুল ও কলেজ পর্যায়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে। তাদের দাবির প্রেক্ষিতে গভর্নিং বডির সভায় এই শহীদ মিনারটি নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আব্বাস আলীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর অভিযোগ পেয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
লাইক:
1
দেখা হয়েছে: ০ বার